২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১০৫ রানে আউট হন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছিলো বাংলাদেশ। সাদমান ৯৯ ও লিটন দাস ১০ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের দ্বিতীয় বলে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরির দেখা পান সাদমান। ২২১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে লেগ বিফোর আউট হন বাঁ-হাতি সাদমান। ২৩৪ বল খেলে ১১টি চারে ১০৫ রান করেন সাদমান।

দলীয় ২২১ রানে চতুর্থ ব্যাটার হিসেবে সাদমান ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট পতন হয় বাংলাদেশের। এতে ৯৭.৪ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় টাইগাররা।

৩৪ রানে অপরাজিত থাকেন লিটন। এছাড়া তাওহিদ হৃদয় ৪২, মোমিনুল হক ২৮, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯, মেহেদি হাসান মিরাজ ১৫, তানজিদ হাসান ৭, হাসান মাহমুদ ৬, নাইম হাসান ৫ ও তাইজুল ইসলাম ১ রান করেন। খালি হাতে আউট হন বাংলাদেশের শেষ ব্যাটার শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান ২৩.৪ ওভার বল করে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন।কফি প্রতিদিনের সংবাদ

Facebook
WhatsApp
Email