চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারকালে ৪০ হাজার কেজি সিমেন্টসহ চার পাচারকারী আটক করা হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীপথে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় চার লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ চারজন পাচারকারীকে আটক করা হয়।
রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত চার পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সীমান্ত ও সমুদ্রপথে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।কফি প্রতিদিনের সংবাদ







