ইরানের সঙ্গে সংলাপ শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তবে আট মাস ধরে চলা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা এখনো নেই বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সম্ভাব্য হামলার আশঙ্কা উড়িয়ে না দিয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি ইরানের উচ্চপর্যায়ের বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের শর্তও তুলে ধরা হয়েছে। এসব শর্ত পূরণ হলে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার পথ তৈরি হতে পারে।
এদিকে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চলছে। এর অংশ হিসেবে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় গেছে। আরাঘচি জানান, তার একজন সহকারী পরামর্শ অব্যাহত রাখতে কাতারে অবস্থান করছেন। এর এক দিন আগে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেন।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংলাপ ও বৃহত্তর বোঝাপড়ার পথ খোলার চেষ্টা ইতিবাচক পদক্ষেপ। তবে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি এই চিঠির মাধ্যমে বিভেদ সৃষ্টি করা হয়, তাহলে সেটি হবে আগের ভুলগুলোর সঙ্গে যুক্ত হওয়া আরেকটি ভুল।কফি প্রতিদিনের সংবাদ







