গণভোটের রায় মানতে হবে, অন্যথায় আন্দোলন চলবে: জামায়াত আমির

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ ভোট দিয়ে যে রায় দিয়েছে, সরকার তা না মেনে বরং জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ ভোট দিয়েছে, সরকার সেই রায় মানে না। জনগণকে অপমান করছে সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে এবং মিথ্যাচার করছে। আমরা এসব মেনে নেব না।’

সাত দফা দাবি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ‘আমরা কথা দিচ্ছি, জনগণ আমাদের সঙ্গে থাকলে এই সাত দফা দাবি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সাত দফার প্রথম দফা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন।’ সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, এই জাতি বুক পেতে গুলি নিয়েছে, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। দাবি আদায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও শক্ত থাকার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব অবসানের দাবিতে এই লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট।

কফি প্রতিদিনের সংবাদ

Facebook
WhatsApp
Email