ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে মেট্রোরেল

উদ্বোধনের পর থেকে দর্শনার্থীদের আনন্দ-উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে মেট্রোরেল। তাই, ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেওয়া হয়েছে।

মেট্রোরেল চলাচলের সময়সীমায় এ বিশেষ পরিবর্তন শুধু ঈদের দিন বলবৎ থাকবে। ঈদের পরদিন থেকে আবারও আগের নিয়মে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ মিনিট পর পর চলাচল করবে মেট্রোরেল। সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) ছাড়া প্রতিদিনই চলাচল করবে মেট্রোরেল।

অফিস আদেশে বলা হয়েছে, উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এ ৯টি স্টেশনই খোলা থাকবে।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। সরকার এ প্রকল্প হাতে নেয় ২০১২ সালে।

গত ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। এমআরটি লাইন-৬ প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

সূত্র : রাইজিং বিডি

Facebook
WhatsApp
Email