পথশিশুদের সঙ্গে রাজ-পরীর রাজ্যর মুখেভাত

ঢাকাই সিনেমার তারকা দম্পতি রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। গত ১১ ফ্রেব্রুয়ারি ৬ মাস পূর্ণ হয়েছে এই স্টারকিডের। বিশেষ এই দিনটি উদযাপনের দিন হিসেবে বেছে নেওয়া হলো ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনকে।

মুখেভাত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে অনাথ-দুঃস্থ শিশুরা। রাজ্যর মুখেভাতে মাছ, মাংস আর বিরিয়ানির ঢালাও আয়োজন হয়েছিল। অনাথ, পথশিশুদের সঙ্গে বসে বাবা শরিফুল রাজের কোলে বসে প্রথমবার সোনার চামচ, বাটিতে ভাত খেল রাজ্য।

শামিয়ানা খাটিয়ে সাজানো হয়েছিল পরীর বাড়ি। মেঝেতে বসার আয়োজন। দাওয়াতে নিমন্ত্রিত ছিলেন রাজ-পরীর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা।

অনুষ্ঠানের দিন পরীমণি বলেন, ‘আজ আমার ছেলে ৬ মাস পূর্ণ করল। সেই উপলক্ষে মুখেভাতের আয়োজন। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব আমরা। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে। এটা যে কী রকম আনন্দের ও খুশির, তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ। তাদেরও ভালো-মন্দ খেতে মন চায়। সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

সূত্র : রাইজিং বিডি

Facebook
WhatsApp
Email