কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের উত্তর পাশ দিয়ে কয়েক শত পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার ( ২০ অক্টোবর ) দুপুরে বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য বাবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জাহাঙ্গীর হোসেন, মাসুদ প্রমুখ।
মানববন্ধনে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। তারা যেভাবে প্রাচীর নির্মাণ করছেন এতে করে শত শত পরিবার গৃহবন্ধি হয়ে পড়বেন। এছাড়া কবরস্থান ও মসজিদে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যাবে। তারা প্রাধানমন্ত্রীর সহায়তা চেয়ে বলেন বল্লভবাড়ী কবরস্থান থেকে পাথাইলকান্দি বাজার পর্যন্ত জনগণের চলাচলের রাস্তা রেখে যেন রেললাইনের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।







