নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর হামজারবাগ এলাকায় এক ব্যবসায়ীকে গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৯ আগস্ট, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ টারদিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আজাদ চৌধুরী। তিনি পেশায় ব্যবসায়ী, মানবাধিকার কর্মী এবং পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় একদল সশস্ত্র ব্যক্তি হঠাৎ আজাদ চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থেদ দৌড় দিতে গিয়ে তিনি পাশের একটি নালায় পড়ে আটকে যান। পরে সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে উপর্যুপরি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় স্থানীয়দের চিৎকার-চেচামেচিতে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে তার ভাই ফারুক চৌধুরী পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আজাদ চৌধুরীর ভাই ও প্রত্যক্ষদর্শী ফারুক চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক অংশীদারদের সাথে আজাদ চৌধুরীর বিরোধ চলে আসছিল। বিরোধ চরমে পৌঁছালে তার ব্যবসায়িক অংশীদার ও রাজনৈতিক বিরোধীরা তাদের পরিবারের পেছনে সন্ত্রাসী ও চাঁদাবাজদের লেলিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্যমতে, চক্রটি দীর্ঘদিন ধরে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল।
চাঁদাবাজদের ভয়ে তার ভাই চাকরি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হন। গত বছর তাদের বাসায় বোমা হামলার ঘটনাও ঘটেছিল। এরপর থেকে আজাদ চৌধুরীর পরিবারসহ দীর্ঘদিন চট্টগ্রামের বাইরে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, গত ৯ আগস্ট আজাদ চৌধুরীর স্ত্রী, সন্তানসহ তার অসুস্থ মাকে দেখতে চট্টগ্রামে এলে গত ১৩ আগস্ট মুরাদপুর এলাকায় তাদের ওপরও হামলা চালানো হয়। উল্লেখ্য, আহত স্ত্রী-সন্তানকে দেখতে আজাদ চৌধুরী নিজেও গত ১৫ আগস্ট চট্টগ্রামে আসেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।







