চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীর পরিবারের উপর গুরুতর হামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক ব্যবসায়ীর পরিবারের উপর নৃশংস হামলার অভিযোগ পাওয়া গেছে । এই ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী ও ৮ বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ১৩ই আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। ভুক্ত ভোগীর নাম শামীমা আক্তার (৪৩) ও তার ছেলে আরহাম (৮)। তাদের স্বামী ও বাবা আজদ চৌধুরী নগরীর একজন ব্যবসায়ী।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজাদ এর সাথে তার ব্যবসায়িক পার্টনারদের ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে পার্টনাররা কয়েকজন চিহ্নিত চাঁদাবাজকে তার পেছনে লেলিয়ে দেয়। তারা আজাদ এর কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বছর তার বাসায় বোমা হামলার ঘটনাও ঘটে।

নিরাপত্তাহীনতায় ভুগে পরিবারটি দীর্ঘদিন চট্টগ্রামের বাইরে অবস্থান করছিল। সম্প্রতি শামীমা আক্তার তার অসুস্থ মাকে দেখতে ৪/৫ দিন আগে চট্টগ্রামে আসেন। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে মাকে দেখে বাসায় ফেরার পথে মুরাদপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের পথরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা প্রথমে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তাদের সাথে থাকা লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে গুরুতর আহত হন। ৮ বছরের শিশু আরহামের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে তাদের আর্তচিৎকারে আশেপাশের পথচারী ও স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রাই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে পাঁচলাইশ থানার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook
WhatsApp
Email