আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারাদেশের ১৩টি জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে, মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা ১৩৫টিতে দাঁড়িয়েছে এবং তৃণমূলের এক তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি তৃতীয় ধাপে এই কমিউনিটি ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। পাশাপাশি অনুষ্ঠানে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রগুলো ভার্চুয়ালি সংযুক্ত ছিল। সেখানে উপকারভোগীদের সঙ্গে পরে তিনি মতবিনিময় করেন।

নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম ২০টি, রাজশাহী চারটি এবং খুলনা বিভাগে একটি খোলা হয়েছে।

প্রধানমন্ত্রী প্রথম ও দ্বিতীয় ধাপে এর আগে ৯০টি কমিউনিটি ভিশন সেন্টার খুলেছিলেন, যা বিনামূল্যে আধুনিক ও উন্নত চোখের চিকিৎসা প্রদান করে দক্ষিণ এশিয়ায় রোল মডেল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কমিউনিটি ভিশন সেন্টার থেকে এ পর্যন্ত ১৩ লাখ ৩১ হাজার ৫৭৭ জন চোখের চিকিৎসা নিয়েছেন। এছাড়া ২ লাখ ১০ হাজার ৮৬৮ জন বিনামূল্যে চশমা পেয়েছেন।

সূত্র : রাইজিং বিডি

Facebook
WhatsApp
Email