কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন, চালকসহ দগ্ধ দুই

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে চালকসহ দুইজন অগ্নিদগ্ধ হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ১১ নং ব্রীজের কাছে এই ঘটনাটি ঘটে। দূর্ঘটনার ফলে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আহতরা হলেন, পঞ্চগড় জেলার বানগুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আপন (৪০), একই জেলার ফুলতলার বাসিন্দা বাবু, অজ্ঞাত আরো একজন।
এদের মধ্যে বাবুর শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভূট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্ট বোঝাই ট্রাকের চালক। এতে আগুনে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দূর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি
Facebook
WhatsApp
Email