নিরবের নায়িকা এবার মিমি

নিরব এবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি হয়ে আসলেন।তবে কোনো সিনেমা নয়, নিরব-মিমি প্রথমবার একসঙ্গে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। গানটির শুটিংও হয়েছে ভারতে।এটির ভিডিও চিত্র নির্মাণ করছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা-নৃত্যশিল্পী বাবা যাদব।

সোমবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে এটি ‘গান বাংলা’ টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়েছিলেন তাপস ও রুমি।

আরফিন রুমির গাওয়া এই গানটির শিরোনাম ‘তুই আর আমি’। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো হলো, ‘তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘মিমি চক্রবর্তীর অভিনয় আমার ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি। গানটিও চমৎকার। সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।’

গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি। শিগগিরই পুরো গানটি উন্মুক্ত করা হবে।

Facebook
WhatsApp
Email